যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে দুই কিশোরী গণধর্ষণ মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। চারজনকে অভিযুক্ত করে অভয়নগর থানা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন যশোর আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো, অভয়নগরের গুয়াখোলা রেলবস্তির সিদ্দিক মোল্যার ছেলে জমির হোসেন, মৃত লিয়াকত আলীর ছেলে হাসান আলী, শাহী রেলবস্তির হেলাল হোসেনের ছেলে সাগর হোসেন ও প্রেসক্লাব এলাকার ওবায়দুল ইসলামের ছেলে ইকবাল হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, নওয়াপাড়ার দুই কিশোরী বেশ কিছুদিন আগে সন্ধ্যার পর পাশের পুজোর মেলা দেখতে যায়। পথিমধ্যে নওয়াপাড়া কলেজের সামনে পৌঁছালে আসামিরা তাদের ধরে নিয়ে গণধর্ষণ করে। এ ব্যাপারে এক কিশোরীর মা অভয়নগর থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটে অভিযুক্ত জমির হোসেনকে পলাতক দেখানো হয়েছে।