হঠাৎ করেই গত জানুয়ারিতে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে আগমন কংগ্রেসের নির্বাচনী প্রচারের গতি বৃদ্ধি করলেও ভোটের যুদ্ধে ক্ষমতাসীন বিজেপি জোটকে হারাতে তা যথেষ্ট নয়।
আসন্ন জাতীয় নির্বাচনে ভারত জুড়ে মোট দফায় ভোট গ্রহণ হবে। আগামী ১১ এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণ। ১৯ মে শেষ দফা ভোট গ্রহণের পর ২৩ মে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
৪৭ বছরের প্রিয়াঙ্কা রাজনীতির মাঠে নামলেও এবারের নির্বাচনে প্রার্থী হননি। বরং তিনি দলের প্রচারে দিন-রাত ছুটে বেড়াচ্ছেন। কখনো গাড়িতে, কখনো ট্রাকে এমনকি নৌকায় চড়েও তিনি কংগ্রেসের পক্ষে প্রচার চালাচ্ছেন।
উত্তর প্রদেশে প্রিয়াঙ্কার দুইটি রোডশোতে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তিনি যে পথ দিয়ে গেছেন সেই সব পথে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার মানুষকে কংগ্রেসের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে এবং প্রিয়াঙ্কার নামে স্লোগান দিতে দেখা যায়।
এক সমাবেশে দেওয়া ভাষণে প্রিয়াঙ্কা বলেন, “যদি কেউ আপনার জন্য কাজ না করে তবে তাকে কিভাবে শিক্ষা দেবেন?
“তাদের পক্ষে ভোট দিন যারা কাজ করতে চায়।”
প্রিয়াঙ্কার কারণে সাধারণ ভোটাদের মধ্যে কংগ্রেসের প্রতি আগ্রহ বাড়ছে।
অযোধ্যার এক দোকানি মহেশ গুপ্তা বলেন, “প্রিয়াঙ্কার কারণেই এখানকার মানুষ কংগ্রেসকে সমর্থন করছে।”
মহেশ বলেন, গতবারের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী মোদীর দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট দিয়েছিলেন। কিন্তু প্রিয়াঙ্কার নির্বাচনী প্রচার ভালো লাগায় এবার তিনি কংগ্রেসে ভোট দেবেন।
বাবরি মসজিদ ভাঙ্গা এবং সেখানে রাম মন্দির নির্মাণ নিয়ে গত কয়েক দশক ধরে অযোধ্যায় হিন্দু ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুত্ববাদী দল বিজেপি নগরীতে বেশ শক্তিশালী। প্রিয়াঙ্কা প্রতিপক্ষের শক্তঘাঁটি অযোধ্যা দিয়েই উত্তর প্রদেশে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন।
মিলন বৈষ্ণব নামে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন, প্রিয়াঙ্কার নির্বাচনী প্রচারের কারণেই কংগ্রেস এখানকার বাসিন্দাদের মনযোগ আকর্ষণ করতে পেরেছে, নতুবা এখানে তাদের কিছু করার ছিল না। তবে প্রিয়াঙ্কাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেও কংগ্রেস এখানে জিততে পারবে না বলেই অনুমান তার।
“কংগ্রেসের অনেক নেতাই বলছেন, প্রিয়াঙ্কার প্রচার ২০২২ সালের নির্বাচন বা তারপরের জন্য দলের ভাবমূর্তির উন্নয়নে কাজে লাগবে।”
জাতীয় নির্বাচন নিয়ে দেশটিতে সাম্প্রতিক জনমত জরিপও একই কথা বলছে।
গত মাসে ‘সিভোটার’ ও ‘সিএনএক্স’র পৃথক জরিপের ফলাফলে দেখা যায়, উত্তর প্রদেশে ৮০টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র চারটিতে জিতবে।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে উত্তর প্রদশে কংগ্রেস মাত্র দুইটি আসন পেয়েছিল। আর বিজেপি জেতে ৭১টি আসনে। উত্তর প্রদেশ থেকেই ভারতের পার্লামেন্টে সবচেয়ে বেশি এমপি যায়। যে কারণে প্রদেশটিতে বিজেপির একচ্ছত্র আধিপত্য ৫৪৫ আসনের পার্লামেন্টে মোদীর দলের একক সংখ্যাগরিষ্ঠা পাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল।
জরিপ সংস্থা ‘সিভোটার’ জানুয়ারি থেকে দৈনিক ভিত্তিতে জরিপ চালাচ্ছে। তারা জানায়, প্রিয়াঙ্কা দলীয় পদ গ্রহণের পর উত্তর প্রদেশে কংগ্রেসের সমর্থন এক লাফে ১০ শতাংশ বেড়ে গিয়েছিল। কিন্তু পরে তা আবার হ্রাস পায়।
আর মার্চের শেষ দিকে রাজ্যের প্রায় ৯ শতাংশ ভোটার কংগ্রেসকে, প্রায় ৪৩ শতাংশ বিজেপিকে এবং ৪৪ শতাংশ ভোটার জোট বাঁধা দুই আঞ্চলিক প্রভাবশালী দলকে সমর্থন জানিয়েছে।
দ্য হিন্দু পত্রিকায় শুক্রবার প্রকাশিত অন্য একটি জনমত জরিপে ২০১৪ সালের তুলনার এবার দেশজুড়ে মোদীর গ্রহণযোগ্যতা আরো বেড়েছে বলে জানানো হয়।
জরিপে অংশ নেওয়া ৪৩ শতাংশ ভোটার মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্য দিকে ২৩ শতাংশ অংশগ্রহণকারী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে চান।
ভুল সময়ে প্রিয়াঙ্কা:
প্রিয়াঙ্কা দিন-রাত এক করে দলের প্রচার চালালেও নির্বাচনী প্রতিশ্রুতি ভোটারদের কাছে পৌঁছাতে কংগ্রেসকে বেগ পেতে হচ্ছে বলে মত দলের অনেক কর্মকর্তার।
নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন বলেন, “তারা তাকে খুব ভুল সময়ে এনেছে।
“তাদের উচিত ছিল তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পরপরই ডিসেম্বরে প্রিয়াঙ্কাকে রাজনীতিতে নিয়ে আসা। তাহলে তিনি প্রস্তুতির জন্য আরো সময় পেতেন।”
যদিও দলের অনেক নেতার মতে, কয়েক বছর আগেই প্রিয়াঙ্কার রাজনীতিতে অভিষেক হওয়া উচিত ছিল।
কৃষি পণ্যের অস্বাভাবিক মূল্যহ্রাসের কারণে কৃষকদের সড়কে কৃষিপণ্য ঢেলে প্রতিবাদ, হাজার হাজার কৃষকের পার্লামেন্ট অভিমুখে যাত্রা এবং ঋণগ্রস্ত কৃষকদের আত্মহত্যার হার বৃদ্ধি বর্তমান মেয়াদের শেষ সময়ে প্রধানমন্ত্রী মোদীকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে।
একেই অস্ত্র বানিয়ে কংগ্রেস তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেশজুড়ে প্রতিটি দরিদ্র পরিবারের জন্য মাসে ছয় হাজার রুপি ভাতা প্রদানের প্রকল্প চালুর কথা বলেছে।
রয়টার্সের পক্ষ থেকে ভোটারদের এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তর প্রদেশের ছয় ভোটার এমন কিছু শোনেনই বলেই জানান।