বরিশাল মহানগরীর লুৎফুর রহমান মডেল মাদরাসা (ক্যাডেট মাদরাসা) প্রাঙ্গণে আজ শনিবার সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর বরিশাল বিভাগের অডিশন শুরু হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে এ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৫৫০ জন হাফেজ অংশগ্রহণ করছে।
সকাল ৯টা থেকে চারটি বুথে নিবন্ধন শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধনের সাথে সাথে অংশগ্রহণকারীদের সকালের নাস্তা দিয়ে দেওয়া হচ্ছে। নাস্তা শেষ করার সাথে সাথে অডিশন শুরু হবে। মোট আটজন বিচারক এই অডিশনের বিচার কার্য পরিচালনা করবেন।
অডিশনে অংশগ্রহণকারী হাফেজরা সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। প্রতিযোগীদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে।
বরিশাল আমরগঞ্জ এলাকার সর্ববৃহৎ জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার হাফেজ ফারদিন ইসলাম বলে, ‘আমরা নিবন্ধন সম্পন্ন করেছি। নাস্তা দেওয়া হয়েছে, নাস্তা শেষ করেছি। এখন অডিশন দেব। এখানে এসে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’
দারুল আরকাম মাদরাসার হাফেজ বনি আমিন বলে, ‘নিবন্ধন শেষ করেছি, নাস্তাও শেষ করেছি। এখানে হাফেজদের মিলনমেলা শুরু হয়েছে। আমাদের জন্য এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক পরিবেশ সৃষ্টি করার জন্য বসুন্ধরা গ্রুপকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।’
অডিশন সমন্বয়ক হাফেজ কারী ফয়জুল্লাহ হুসাইন বলেন, ‘১৫ বছরের কম বয়সী হাফেজরা এতে অংশ নিতে পারছে। হিফজুল কুরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগে ৫৫০ জন কুরআনের হাফেজ অংশগ্রহণ করবে। আমরা দশটার মধ্যে নিবন্ধন শেষ করব। নিবন্ধনের সাথে সাথে অংশগ্রহণকারীদের সকালের নাস্তা দিয়ে দেওয়া হচ্ছে। নাস্তা শেষ করার সাথে সাথে অডিশন শুরু হবে। মোট আটজন বিচারক এই অডিশনের বিচার কার্য পরিচালনা করবে।’
তিনি বলেন, ‘অডিশনের মাধ্যমে নির্বাচিত ৩০ জন হাফেজ ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে। দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০ জন হাফেজ তৃতীয় পর্বে অংশগ্রহণ করবে। তৃতীয় পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে।’
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১০ লাখ টাকা, ২য় স্থান অধিকারী পাবেন ৭ লাখ টাকা এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫ লাখ টাকা। এছাড়াও, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীদের জন্য রয়েছে দুই লাখ টাকা করে।