ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে সার বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১

বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সার বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

গতকাল রাত ৯টা ৪০ মিনিটে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে প্রায় ৭০০ টন সার বহনকারী এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।

জাহাজটির ১২ জন ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।

জাহাজটি বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।

চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ জানান, জাহাজটি ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।