ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ, লাইনচ্যুত ঢালার চর এক্সপ্রেস

পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী চাঁপাইনবাবগঞ্জগামী ঢালার চর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি, তবে ট্রেন চলাচল বন্ধ আছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর বাঁধের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, ঢালারচর থেকে যাত্রী নিয়ে রাজশাহী যাওয়ার পথে ট্রেনটি আমিনপুর বাঁধের হাট এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের তিনটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।

তিনি জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় পাবনা ও রাজশাহীগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।