চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়। এতে ওসিসহ পাঁচ পুলিশ আহত হয়েছেন।
পুলিশ জানায়, পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের চাতরী চৌমুহনী এলাকায় বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলটি শশী ক্লাবের মোড়ে এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ পালনের চেষ্টা করে। এ সময় মিছিলকারীরা একটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ গাড়িটিকে রক্ষা করতে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা করে। তারা ইট-পাটকেল ছোঁড়ে এবং লাঠি দিয়ে পুলিশকে মারধর করে। এতে ওসি সোহেল আহমেদ, ওসি (তদন্ত) মো. মহিউদ্দিনসহ পাঁচ পুলিশ আহত হন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুনুর রশীদ বলেন, ‘গুরুতর আহত অবস্থায় থানার ওসিকে হাসপাতালে আনা হয়। তার ডান চোখে রক্তক্ষরণ হচ্ছিল এবং চোখের পাশে বেশ গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ।
হামলার ঘটনায় আহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক। তিনি বলেন, হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।