ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত একটার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সুলতান মিয়া (৪০), তার স্ত্রী সাহিদা আক্তার (৩৫), ছেলে নবী হোসেন (১৫) এবং আলী (১০)।

জানা যায়, কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার পর গতরাতে সুলতান মিয়া তার পরিবার নিয়ে ভাড়া বাসায় ফেরেন। রাতে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নারীসহ চারজন দগ্ধ হয়।

আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের নেয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এম এ মঞ্জুরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে সুলতান মিয়া ও সাহিদা আক্তারকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নবী হোসেন ও আলীকে সাধারণ ওয়ার্ডের ৮ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফতুল্লার স্টেশন অফিসার মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বিস্ফোরণের সূত্রপাতের কারণ উদঘাটন করতে কাজ করছেন।

গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন স্থানীয়রা। তারা দ্রুত গ্যাসলাইন লাইনের ত্রুটি নিরসনের দাবি জানান।