বরিশালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর আগে গত রাতে নগরীর রূপাতলীতে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি হরতাল কর্মসূচি ঘোষণা করে।
মঙ্গলবার সকালে নগরীর কাশিপুর তেতুল তলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। মিছিলটি বের হয়ে কিছুদূর গিয়ে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিল থেকে হরতাল সমর্থনে এবং সরকার বিরোধী নানা শ্লোগান দেয়া হয়।
অপরদিকে নগরীর রুপাতলী আবদুর রব সেরনিয়াবাত সেতুতে মালবাহি একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করে।
হরতালে দূরপাল্লা রুটে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। তবে স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার এবং রিকশা-অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল। নগরীর দোকানপাঠ, অফিস আদালত ব্যাংক বীমাও খোলা ছিল।
যে কোন অপ্রীতির ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।