নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত না হলেও ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করেছে।
রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শহরের ৫ নম্বর রেলগেট এলাকার হাবিবুর রহমান (২১), মো. আরিফ (২৩) ও রাজধানীর কাফরুল থানার জয়নাল আবেদীন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করে।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার কামরুল ইসলাম জানান, হাতবোমাটি ট্রেনে লাগার আগেই ফুটে গেছে। এই ঘটনায় রেলওয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁদের কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে গেছে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, হাতবোমাটিতে আগুন ধরিয়ে ট্রেনের দিকে ছুড়ে মারলেও তা আগেই বিস্ফোরিত হয়। পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে তাঁরা ট্রেনের ইঞ্জিন ও জেনারেটর রুমে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্যে তাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন আট জোড়া ট্রেন চলাচল করে। পাঁচ দিন আগে নাশকতার আশঙ্কায় রেলওয়ে রাতের এক জোড়া ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। রেলওয়ের নিরাপত্তায় প্রতি স্টেশনে থানা-পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে সাত জোড়া ট্রেন চলাচল করছে।