সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নর্থইস্ট মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় ডা. তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে হুমায়ুন রশিদ চত্বরের পার্শ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার পরিবারের সদস্যরা শহরের একটি অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি শহরের দিকে আসছিলো এবং ঘাতক ট্রাকটি আসছিলো বিপরীত দিক থেকে। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্ত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে আসলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনার শিকার হন তারা।
দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ডা. তৌহিদুর রশিদ চৌধুরী নর্থইস্ট মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একজন মেধাবী চিকিৎসক। তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের করে অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।