ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোষপালা গ্রামের আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশু কন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) ও ফারিয়া ইসলাম আনিকা (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল উদ্দিন তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে তার বাড়ির সামনের একটি বিদ্যুতের খুঁটিতে চার্জার লাগিয়েছিলেন। এ সময় তার মেয়ে আনিকা খেলার জন্য অটোরিকশায় উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামাল উদ্দিনের ওই অবস্থা দেখে তার মা এবং আরেক মেয়ে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এভাবেই একজনের পর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
ওসি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।