ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এমপি’র বাড়ির সামনে বোমা নিক্ষেপ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুরের বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে বোমাটি নিক্ষেপ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুর নতুন বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবউল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। কি কারণে এ হামলা এটি এখনো জানা যায়নি। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।