চট্টগ্রাম নগরীতে এক ইতালীয় পর্যটকের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকার এস আলম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইতালীয় পর্যটকের নাম ক্রিস্টিনা জেমা। তিনি সম্প্রতি চট্টগ্রামের অলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। প্রদর্শনীতে তার তোলা ছবিও প্রদর্শিত হয়।
ক্রিস্টিনা জেমার সঙ্গে থাকা দুই বাংলাদেশি তরুণ-তরুণী জানান, তারা তিনজন রাত নয়টার দিকে দামপাড়ায় শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে কাজির দেউড়ি হয়ে জামালখানের দিকে যাচ্ছিলেন। কর্ণফুলী টাওয়ারের সামনে পৌঁছানোর পর তাদের পাশে একটি চলন্ত অটোরিকশা এসে দাঁড়ায়। এরপর দরজা খুলে ভেতর থেকেই ক্রিস্টিনার কাঁধের ব্যাগ টেনে নিয়ে দ্রুত চলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ছিনতাইয়ের শিকার হওয়া ক্রিস্টিনা পুলিশকে জানান, তার ব্যাগে ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিল।
কোতোয়ালী থানার এসআই বাবলু পাল জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় পর্যটন শিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। তারা ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।