দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল একই সময়ের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরের হিমেল বাতাসের প্রভাবে দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক দিন এ তীব্রতা অব্যাহত থাকতে পারে।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল থেকেই শহরের রাস্তাঘাট ফাঁকা। সূর্যের দেখা মিলছে না।
শীত থেকে বাঁচতে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়ে উষ্ণ রাখার চেষ্টা করছেন অনেকেই। গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
চিকিৎসা বিভাগ সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জেলায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় ২০০ জন।
জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণের কর্মসূচি অব্যাহত রেখেছে। দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।