ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামে বুধবার (১০ জানুয়ারি) বিজিবির অভিযানে ৪টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে সীমান্ত পিলার ৫৩/১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে অবস্থান করে।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে প্লাস্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাঁজের মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড অ্যামোনিশন একটি অত্যাধুনিক পিস্তলসহ ৪টি পিস্তল উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।