রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানে থাকা শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার সকালে উপজেলার সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা ভ্যানচালক সিরাজ ও একই গ্রামের শিশু আব্দুল্লাহ্। আহতরা হলেন নিহত শিশুর বাবা কুদ্দুস ও বোন নাফিজা।
মোহনপুর থানার ওসি (তদন্ত) আছের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একদিলতলা হাটে পান বিক্রি করে তাদের গ্রাম বড়াইলে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাফিউল নামের একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। এসময় মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌঁছালে বাসটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন আরও দুজন।