পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন। দু’জনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও জানা যায়, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছু দিন আগে থেকে তারা ব্যবসা আলাদা করেছেন। এদিন তারা দু’জন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে শত শত মানুষের মাঝে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার বিষয় প্রক্রিয়াধীন। বর্তমানে ঘাতক খোকন পলাতক রয়েছেন।