রাজধানীর ফকিরাপুল জামে মসজিদের নির্মাণাধীন ভবনের ৭ম তলা থেকে পড়ে আশিকুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফকিরাপুল জামে মসজিদের খাদেম মো. বেলাল বলেন, নিহত আশিকুর রহমান আমাদের মসজিদে রাজমিস্ত্রির কাজ করতেন। রাতে কাজ করার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।