ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে র‍্যাবের অভিযান :৫৮ দালাল আটক সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের ভর্তি বাণিজ্য সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল হাসপাতালে রোগী পাঠানোর সাথে জড়িত ৫৮ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

সোমবার(৪ মার্চ) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ৬৫ জন দালালকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ এর গোয়েন্দা দল। যাচাই-বাছাই শেষে সাতজনকে ছেড়ে দেয়া হয় এবং বাকি ৫৮ জনকে বিভিন্নভাবে সাজা প্রদান করা হয়েছে।

পরে অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে বেলা তিনটায় এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন র‍্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ এক মাস পর্যবেক্ষণ করে আজ এখান থেকে রোগী ভাগিয়ে নেওয়া, সিট পাইয়ে দিয়ে মোটা অংকের টাকা দাবি করা এবং বিভিন্ন ব্লাড ব্যাংকে মাদক সেবীদের রাতে ধরে এনে ব্লাড টেনে বিক্রি করার তথ্য পেয়েছি। আমরা এখানে একমাস ধরে তাদের গতিবিধি এবং ভিডিওসহ তাদের তথ্য সংগ্রহ করেছি। আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের সকলের তথ্য প্রমান আমাদের কাছে রয়েছে।

ঘটনার সাথে জড়িত আমরা ৬৫ জনকে আটক করি এবং পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ছয় জনকে ছেড়ে দেয়া হয় এবং ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। আমরা আজকে স্বল্পসংখ্যক দালালকে ধরতে পেরেছি এই অভিযান আমাদের চলমান থাকবে। পরবর্তীতে আমরা এখান থেকে যেসব হাসপাতালে রোগী ভাগিয়ে নেয়া হয় সেসব হাসপাতালেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলে এসব দালাল চক্রের বিশাল বড় একটি সিন্ডিকেট রয়েছে। এ সকল সিন্ডিকেটের মূল হোতা সহ যারা এই চক্রের সাথে জড়িত তাদেরকেও গ্রেফতারের আমাদের অভিযান চলমান থাকবে। এখানে প্রায় দেড়শ থেকে ২০০ জনের মতো দালাল চক্র রয়েছে। এদের সাজা দিলে জেল খেটে আসার পর তারা আবারও সেই একই কাজই করবে এটি একটি চলমান বিষয়। এটিকে এত সহজে নির্মূল করা সম্ভব নয় বলে জানান তিনি।