শরীয়তপুরের রুদ্রকর এলাকায় কাভার্ড ভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে লোকমান শেখ (৪৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
লোকমান শেখ উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা মাকসাহার এলাকার মৃত মনব শেখের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লোকমান শেখ নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে তিনিসহ সাতজন শ্রমিক কাজের উদ্দেশ্যে নছিমনে করে হোগলা মাকসাহার থেকে মনোহর বাজারের দিকে যাচ্ছিলেন। তাঁরা আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা চাঁদপুরগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনটি ছিটকে খালে পড়ে যায়। এ সময় লোকমান সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এরপর উত্তেজিত জনতা কাভার্ড ভ্যান গাড়িটিকে ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত লোকমান শেখের ভাই চাচাতো ভাই মো. হান্নান বলেন, ‘আমার ভাই একাই সংসারটি চালায়। তার দুটি বাচ্চা আর স্ত্রী আছে। ভোরবেলা কাজে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছে। এখন পরিবারটি যেন ভালোভাবে বাঁচতে পারে সরকার থেকে সেই ব্যবস্থা করা হোক। তাছাড়া এই দুর্ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি বিচার চাই।’
স্থানীয় বাসিন্দা মো. ফারুক বলেন, ‘তারা নছিমনে করে মনোহর বাজারের দিকে কাজে যাচ্ছিল। উল্টো পাশ থেকে আসা একটি বড় কাভার্ড ভ্যানের সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়। এতে লোকমান ভাই নিচে পড়ে মারা যায়।’
বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাটিতে একজনের মৃত্যু হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।