চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় মাত্র ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অথচ গেলো টানা ৫ দিনে চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ১৬০০ মিলিমিটার। বৃষ্টি কমায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
নতুন করে ভারি বৃষ্টি না হওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। কুশিয়ারা ছাড়া সবকটি নদ-নদীর পানিই কমছে বলেও জানা গেছে। তবে সুরমা নদী সিলেট পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপরে ও কানাইঘাট পয়েন্টে এখনও ৮০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখনও শঙ্কামুক্ত নন সিলেটের বানভাসী।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ১২ ঘণ্টায় সুরমা, সারি, গোয়াইন, ডাউকি নদীর পানি কমেছে। তবে, বিপৎসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। এ অঞ্চলেও মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ বানভাসী মানুষ। অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে। আশ্রিতদের অভিযোগ, তারা সেখানে পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
এদিকে, চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে নগরীর নিম্নাঞ্চলের পানি। তবে, সুরমা তীরবর্তী কলাপাড়া, শেখঘাট, কুশিঘাট, কালিঘাট, ছড়ারপার, মাছিমপুর, মেন্দিবাগ ও উপশহরের বাসাবাড়ির পানি কমছে ধীরগতিতে। এতে পানিবন্দি মানুষেরা অসহায় হয়ে পড়েছেন। এই কয়দিনে কয়েকদফা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছেন সুরমার জনপদের মানুষেরা।
সিলেট নগরীর বিভিন্ন বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি। বুধবার নগরীর মিরাবাজার কিশোরী মোহন বালক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি।
সিলেট নগরীর বন্যা পরিস্থিতি দেখে তাৎক্ষণিক নগদ ১০ লক্ষ টাকা, ১ শ’ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি। এর আগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল পরিদর্শন করেন।
অপরদিকে, সিলেটের গোয়াইনঘাট এলাকায় বন্যাকবলিত মানুষদের নিয়মিত খাবার বিতরণ করছে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন, জানালেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের চেরাপুঞ্জিতে টানা ৫ দিন অতি ভারী বৃষ্টি হওয়ায় সিলেটে বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় ধীরে ধীরে কমে যাচ্ছে পানি। তবে সারি ও ডাউকি নদী ছাড়া সুরমা-কুশিয়ারার পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজীব হোসাইন জানান, সিলেটে হালকা রোদের পাশাপাশি মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।