মাদারীপুরের শিবচরে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট)’ স্থাপনে একটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ইনস্টিটিউট করার প্রস্তাব করা হলেও তাতে সম্মতি দেননি তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নাম বদলে হচ্ছে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির’।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে সভায় উপস্থাপিত হওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, এটি তার নামে হবে না। এটি এখন উনার নাম বাদ দিয়ে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন, ২০২৪’ এই নামে অনুমোদিত হয়েছে।
‘এই ইনস্টিটিউটটি মূলত আইসিটি সংক্রান্ত প্রযুক্তি, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, গবেষণায় প্রশিক্ষণ প্রদান এবং গবেষণা কার্যক্রম চালু করবে। এটি মাদারীপুরের শিবচরে স্থাপন করা হবে। ’
তিনি বলেন, এটির একটি গভর্নিং বোর্ড থাকবে এবং একজন প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী। আর বোর্ড অব গর্ভনরের সভাপতি হবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী। আইনটি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার নামটা বাদ দিয়েছেন, তিনি তার নামটি গ্রহণ করেননি। তিনি এর আগেও একটি সিদ্ধান্ত হয়েছে, উনার নামে নিষেধ করেছেন। যেহেতু এই জাতীয় একটি প্রথম প্রতিষ্ঠান হবে এবং এটির মূল উদ্দেশ্য এটি যেন আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে পারে। মন্ত্রিসভা থেকে অনুরোধ করা হয়েছে (প্রধানমন্ত্রীর নামে) কিন্তু উনি সম্মত হননি। উনি উনার নামে প্রতিষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন।