ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতিসংঘ বিশেষজ্ঞ

গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, অন্তত ৩৩ শিশুর মৃত্যু

বিগত ৯ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসন ও সীমান্ত অবরোধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যসামগ্রীর প্রবেশ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সময় যত গড়াচ্ছে, দুর্ভিক্ষও তত ছড়িয়ে পড়ছে। শিগগিরই সীমান্ত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। খবর রয়টার্সের।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মঙ্গলবারের বিবৃতিকে উদ্ধৃত করে ওই ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, খাদ্যের দুষ্প্রাপ্যতা এবং তার ফলে সৃষ্ট অপুষ্টি ও এ-সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যায় এ পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জন শিশুর। মৃত এই শিশুদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যকে সমর্থন করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের প্যানেলও।
গত মে মাসে গাজা সফরে গিয়েছিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মনোনীত ১১ জন মানবাধিকার বিশেষজ্ঞের একটি প্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে প্যানেল সদস্যরা জানিয়েছেন, সফরের সময় তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং মধ্যাঞ্চলীয় উপশহর দেইর আল বালাহতে অপুষ্টিজনিত কারণে বেশ কয়েকজন শিশুকে মৃত ও মুমূর্ষু অবস্থায় দেখেছেন।
জাতিসংঘ প্যানেলের বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার মধ্যাঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই শিশুদের মৃত্যু গাজায় ছড়িয়ে পড়তে থাকা দুর্ভিক্ষের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।
জাতিসংঘের খাদ্য অধিকারবিষয়ক বিশেষ দূত মিখায়েল ফাখরি। জাতিসংঘ প্যানেলের বিবৃতিকে সমর্থন করে পৃথক এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে।’
খান ইউনিসের একটি হাসপাতালে নিজের মুমূর্ষু পুত্রসন্তানকে নিয়ে এসেছেন ফিলিস্তিনি নারী গানিমা জোমা। তিনি রয়টার্সকে বলেন, ‘যুদ্ধের কারণে আমি আমার সন্তানকে খাওয়াতে পারিনি। যে পানি এখন আমরা খাচ্ছি, তাও দূষিত। ছেলের দিকে তাকালে কষ্ট হয়।’
বিশ্ব জুড়ে দুর্ভিক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ বলেছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্ল্যাসিফিকেশন (আইপিএস) নামের একটি সংস্থা। জাতিসংঘ সমর্থিত ওই সংস্থাটির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এই মুহূর্তে গাজায় চরম খাদ্যসংকটে রয়েছেন ৪ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষ, যা ওই উপত্যকার মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক অংশ। যদি শিগগিরই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সীমান্ত অবরোধ তুলে নিয়ে ত্রাণ সরবরাহ স্বাভাবিক অবস্থায় না আনে, তা হলে এই সংকটে অচিরেই আক্রান্ত হবে আরও লাখ লাখ ফিলিস্তিনি।