নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, ওই এলাকায় প্রায় ৬ কি.মি. জায়গা জুড়ে প্রায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে সংযোগে ব্যবহৃত সকল পাইপ তুলে নেয়া হয়েছে। অভিযান চলা কালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলার প্রশাসন ও থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেছে।
গ্যাস কর্তৃপক্ষ জানায়, স্থানীয় দালাল চক্র গ্যাস কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নীরিহ লোকজনদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এ সমস্ত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে থাকে।