ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা আন্দোলন: স্লোগানে উত্তাল রাজু ভাস্কর্য এলাকা

ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে আসতে দেখা যায়।

 

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রীর উদ্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সম্বনয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনি ২ শতাংশ নিয়ে পড়ে আছেন। ৯৮ শতাংশকে বানিয়ে দিলেন রাজাকার। একটা দেশের ৯৮ শতাংশ শিক্ষার্থী রাজাকার হতে পারে না। আপনার বক্তব্য কল্পনাপ্রসূত। অতিদ্রুত বক্তব্য প্রত্যাহার করুন।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পদ যেদিন চলে যাবে তখন কেউ ভাইকে চিনবে না। আপনারা আহ্বান জানাই আপনারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যদি একবার হাত তোলা হয় ভাত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের বন্ধুদের কাছে জানতে চাই আপনার লেখাপড়া আর কতদিন? আপনারা পায়ের জুতা নেতাদের পেছনে ক্ষয় না করে পড়াশুনায় মনোনিবেশ করুন। সময় গেলে আর করার কিছুই থাকবে না। পদ চলে গেলে হলের সিটটাও থাকবে না।