ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বগুড়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম বাবর আলী। পেশায় মুদি দোকানি বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন।

বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সকালে আমি হাটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

 

নিহতের মেয়ে বিনা বলেন, ‘আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে তাকে ১০/১৫ জন তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের উপর ফেলে তারা পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, আমার বাবার সাথে পূর্ব শত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানি না।

এ ব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।