নারায়ণগঞ্জ: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যার মূলহোতা শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়াই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নতুন করে গড়ার কাজে একসঙ্গে চলবে। কোটা আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারও নিশ্চিত করা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনেককে গ্রেপ্তার করেছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণই তা রুখে দেবে। জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষার দায়িত্ব তারাই নেবে। এর পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক চেষ্টা করবে। আমরা জনগণ ও ছাত্রদের কথাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তুলে ধরবো।