ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার আইস আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা কলারোয়ায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ সীমান্ত থেকে এই মাদকের চালান আটক করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকায় অবস্থান নেয়। মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।