কক্সবাজার: কক্সবাজার সদরের পিএমখালী এলাকা থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, দুটি এলজি, ৪৮ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগজিন, পাঁচটি দা, দুটি কিরিচ, একটি চাইনিজ কুড়াল ও একটি চেইন রয়েছে।
কক্সবাজারস্থ র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান চালায়।
এ সময় অস্ত্রসহ তাদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল তারা। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।