ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চম্পকনগর গ্রামে এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রাম থেকে নাঈম হুজুর ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে এলে তখন ওই গ্রামের লোকজন তাতে বাধা দিয়ে কামাল নামে এক ব্যক্তিকে মারধর করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে সাটিরপাড়া, ইছাপুরা ও খাদরাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে। এ সময় চম্পকনগর গ্রামের পক্ষে গেরাগাঁও ও নুরপুর গ্রামে লোকজনও সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।