প্রতিষ্ঠানের বই বিক্রি ও দুর্নীতিসহ বিভন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিন রমজানপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আলমগীর হোসেনের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসা চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসুচি বন্ধ করেন।
বেশ কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার অত্র প্রতিষ্ঠানের বই বিক্রি ও দুর্নীতিসহ বিভন্ন ধরনের অনিয়মের সাথে জরিত রয়েছে। এবং কি আমরা বই বিক্রির সময় তাকে হাতে-নাতে আটক করি। তাই আমরা তার অপসারন চাই।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজিজসহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, সুপারের কারনে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোন শিক্ষার্থী ভর্তি হতে চায় না। তবে তার অপসারন না হলে শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার দাশ বলেন, দক্ষিন রমজানপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আলমগীর হোসেনের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।