ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে অঞ্জলী পরামাণিক (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। নিহত অঞ্জলী পরামাণিক দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার গণেশ পরামাণিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিহতের স্বামী পেশায় নাপিত। তিনি সকালে তার কর্মস্থলে চলে যান। পরে বেলা ১১টার দিকে পাশের মাথাভাঙ্গা নদী থেকে গোসল করে বাড়ি আসেন অঞ্জলী পরামাণিক। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, নিজ বাড়িতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতের গলা ও ঘাড়ে দুইটি ক্ষত রয়েছে।