চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্তবর্তী মেদিনীপুর গ্রামের ঘাড়কাটি বিল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিলের কচুরিপানার নিচে কঙ্কালটি দেখতে পায় গ্রামবাসী। কঙ্কালটি পুরুষ নাকি মহিলার সেটি জানা যায়নি। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গ্রামের কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে কচুরিপানার নিচে কঙ্কালটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বিষয়টি পিবিআই ও সিআইডি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও কঙ্কালের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।