লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত স্থানীয় চার সাংবাদিককে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা পর্যায়ের সাংবাদিক জাকির হোসেন মোস্তান, বেলায়েত হোসেন বাচ্চু, জাকির হোসেন সুমন ও শাখায়াত হোসেন জাহাঙ্গীর।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় ৪জন সাংবাদিক একযোগে সংবাদ প্রকাশের হুমকি-ধামকিসহ মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার দিনও দাবিকৃত টাকার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে তাদের চাপ সহ্য করতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন বলে নিহতের পরিবার দাবি করেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার স্ত্রী ও স্বজনরা।
এ ঘটনায় সোমবার সকালে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে রাতেই তাঁদের চারজনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ৪ সাংবাদিককে গ্রেফতার করে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।