মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, প্যাকেটে লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা শহরের দক্ষিন গলির ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
এ সময় মা ফার্মেসী, মদিনা মেডিকেল হল, সেবা ফার্মেসী, আফসার মেডিকেল হল, রওশনা আরা মেডিকেল হল, তাকওয়া ফার্মেসী, ইউসা ফার্মেসীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মৎ ফোয়ারা পারভীনসহ ঔষধ প্রশাসনের অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এদিকে অভিযানের খবর পেয়ে অনেক প্রতিষ্ঠানই বন্ধ করে পালিয়েছেন মালিকরা।
অভিযান শেষে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক বলেন, আশুগঞ্জ উপজেলা শহরে অবস্থিত অন্তত ৭টি ফামের্সিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশির ভাগ ফার্মেসীতেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে দেখতে পাই। এছাড়াও অনেক ফার্মেসিতেই এন্টিবায়টি বিক্রির সঠিক নিয়ম মানা হচ্ছে না। তাই ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সর্তক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি আশুগঞ্জে একটি ফার্মেসির মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফামের্সীর মালিককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর পর থেকেই ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির বিষয়ে প্রশাসন অভিযান পরিচালনা করছে।