ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসচাপায় শিশুর মৃত্যু

মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মারিয়া আক্তার যুঁথি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত যুঁথি রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরে ঘাতক বাসটি নিয়ে পালিয়ে গেছেন চালক। পরে পুলিশ বাসটি আটক করেছে।

নিহত যুঁথির লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

 

ঘটনাস্থলে থাকা মাহাবুব ইসলাম নামে এক যুবক জানায়, ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিল যুঁথির নানা। আর যুঁথি, একটি শিশু ও মা রিকশায় বসে ছিলেন। তারা মেহেরচণ্ডীর দিক থেকে এসে ভদ্রামোড়ের গোল চত্বর রিকশায় পার হচ্ছিলেন।

এসময় নগরীর তালাইমারীর দিক থেকে ছেড়ে আসা একটি বাস ওই রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে যুঁথি ছিটকে সড়কের উপরে পড়ে যায়। এসময় বাসের চাকা যুঁথির শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই যুঁথির মৃত্যু হয়। এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।

পরে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভদ্রা মোড়ের বাস কাউন্টারগুলো বন্ধ আছে। সড়কের উপরে যানবাহনের ভাঙা কাঁচ পড়ে আছে।

নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।