রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসকের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. শিহাবুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. কবির হোসেনসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, রাজবাড়ীর বিভিন্ন অবৈধ ক্লিনিক, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সড়ক দখল করে দোকান স্থাপনসহ রাজবাড়ী রেলস্টেশন থেকে ‘ সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তনের বাতিলের বিষয়টি তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সংবাদকর্মীদের সব কথা আমি শুনেছি। অবাধ তথ্য প্রাপ্তির ক্ষেত্রে ‘ হ্যালো ডিসি’ নামে একটি অ্যাপস খোলা হবে। এছাড়া রাজবাড়ীতে এসেই ‘ সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তন বাতিল নিয়ে আন্দোলন হচ্ছে। সেই বিষয়টি নিয়ে আমি রেলপথ মন্ত্রণালয়ে কথা বলেছি। এসময় সংবাদকর্মীদের সাবির্ক সহযোগিতা কামনা করেন তিনি।