বিএনপি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।
এ সময় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, বিএনপি কখনো হিংসার রাজনীতি করে না। বিএনপি গণ-মানুষের দল, তাই আমরা গণ-মানুষের কল্যাণে কাজ করে থাকি।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। ধাপে ধাপে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব উপকরণ দেব। শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,বিএনপি নেতা হাজী এনাম, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও আব্দুল আউয়াল মজনুসহ অনেকে।