কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় চরাঞ্চলের ত্রাস রাকিবুল ইসলাম রাখিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা।
গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। দৌলতপুরের চরাঞ্চালের ত্রাস রাখি মাদক ও অস্ত্র ব্যবসার সাথেও জড়িত।
জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে। ওই ব্যাগে ৫ লাখ টাকা ছিল। এছাড়াও স্বর্ণের একটি চেইন ও মোবাইল ছিনতাই করে তারা পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন ব্যবসায়ী নূরুল ইসলাম ওরফে নুরাল। বাড়ি পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেলযোগে ছয়জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে তিনজন ছিনতাইকারী বাড়ির ভেতর প্রবেশ করে এবং তিনজন ছিনতাইকারী বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে।
এসময় বাড়ির ভেতর থাকা তিনজন ছিনতাইকারী হাজী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি দিতে না চাইলে নূরুলের শরীরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সাথে ব্যবসায়ী নূরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে আসলে স্ত্রীর গলায় থাকা স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।