ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

রংপুর নগরীতে বাসা থেকে মোস্তাকিম ইসলাম (৩৭) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত একটার দিকে মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল ছোট পুকুরপাড় সংলগ্ন ব্যাংক কলোনি এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আইনজীবী মোস্তাকিম ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী রিমু বেগমকে সঙ্গে নিয়ে ওই বাসায় থাকতেন। সেখানে একই ইউনিটে তার ছোট ভাই আলাদা থাকতেন। তিন-চার দিন আগে মোস্তাকিমের স্ত্রী রিমু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যান। তাদের কোনো সন্তান নেই

মোস্তাাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার রাতে তার বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে ভাইকে পড়ে থাকতে দেখেন। এ সময় বিছানার ওপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেয়া হয়।

 

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি) মো. আতাউর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে খবর পেয়ে আমরা ওই বাসার দ্বিতীয় তলায় গিয়ে দেখি অ্যাডভোকেট মোস্তাকিমের মরদেহ মেঝেতে পড়ে ছিল। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহ উদ্ধারের সময় মোস্তাকিমের গলায় ফাঁস দেয়ার ক্ষতচিহ্ন দেখা যায়। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা, তা পুলিশ খতিয়ে দেখছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।