ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় তিনদিনেও অপহৃত ১৮ জেলের খোঁজ মেলেনি

বঙ্গোপসাগরে অপহৃত কুতুবদিয়ার ১৮ জেলের এখনো খোঁজ মেলেনি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের অপহরণ করা হয়। সোমবার বাঁশখালী উপজেলা থেকে ফিশিং ট্রলারটি ২১ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অপহৃত জেলেরা হলেন-উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মনছুর আলম, জমির বাপের পাড়ার শাহ আলম, রুহল আমিন ও নয়ন, চাটি পাড়ার নাছির উদ্দীন, শাহজাহান, আব্বাস উদ্দিন ও তৌহিদ, কাইসার পাড়ার প্রকাশ শুনাইয়া ও রেজাউল করিম, ফরিজ্যার পাড়ার গিয়াস উদ্দিন, মেহেদি হাসান, সাকিব, ইদ্রিস ও সায়েদ, কুইলার পাড়ার সাগর, দক্ষিণ ধূরুং ইউনিয়নের মশরফ আলী বলির পাড়ার প্রকাশ কালু ও রুবেল। তবে নোয়াখালীর এক জেলের নাম জানা যায়নি।

ফিশিং ট্রলার মালিক বাঁশখালী শেখেরখীল এলাকার মো. ইসমাইল হোসেন বলেন, জলদস্যুরা কোনো প্রকার মুক্তিপণ দাবি বা যোগাযোগ করেনি। তবে দ্রুত তাদের উদ্ধার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

 

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, আমরা এখনো তাদের উদ্ধারের কোনো খবর পাইনি। তবে আমরা সে বিষয়ে খবর রাখছি প্রতিনিয়ত। এ বিষয়ে বাংলাদেশ নৌবাহিনী-কোস্ট গার্ড অবগত রয়েছে।