ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বরিশালের গৌরনদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত ওই যুবকের বয়স ২৫। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, পশ্চিম শাওড়া গ্রামের মনির ব্যাপারীর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে দুইজন আসেন। গৃহকর্তা টের পেয়ে ডাক-চিৎকার দেন। এ সময় প্রতিবেশীরা ওই দুইজনকে ধাওয়া দেন। এর মধ্যে একজন পালিয়ে গেলেও অজ্ঞাত পরিচয়ের ওই যুবক ধরা পড়েন।

তিনি বলেন, তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে তাকে গুরুতর অবস্থায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, অজ্ঞাত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিবার এসে অভিযোগ দিলে সেই মামলা নেওয়া হবে। পরিবারের খোঁজ না পেলে স্থানীয় চৌকিদারকে বাদী করে মামলা করা হবে।