ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-কুমিল্লা সড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জের বাকিলা বাজারে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে উঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে ছিলেন- হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। তিনি বলেন, সড়কে যানজট নিরসন ও যান চলাচল সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক- জনপথ বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে।
এলাকাবাসী জানান, এর আগেও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েকদিন পর আবারও সড়কের ওই জায়গা অবৈধভাবে দুইপাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয়, সেটির ফলাফল আর পাওয়া যায় না।
তারা আরও বলেন, উচ্ছেদ অভিযান টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী গতকাল রাতে ও আজ সকালে তাদের স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়।
চাঁদপুর সড়ক ও জনপথ উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে এই সড়কের অন্যান্য স্থানেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।