ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রকে ফিরে পেতে মায়ের আকুতি

মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আব্দুল আহাদ রিমন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র ৫দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে রিমনের মা আয়শা বেগম। রিমন কুচিয়ামোড়া গ্রামের রিপনের সন্তান।

সংবাদ সম্মেলনে রিমনের মা আয়শা বেগম জানান, ১৫ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় আব্দুল আহাদ রিমন। এরপর এর বাসায় ফিরে আসেনি। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন রিমন মাদ্রাসায়ও যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে মাদারীপুর সদর থানায় একটি জিডি করেছেন আয়েশা বেগম।

তার পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার ধর্না দিলেও কোনো সাড়া মেলেনি।

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমার ছোট ছেলে কারো সাথে সেভাবে মিশেও না। আমার একটাই চাওয়া, ছেলেকে ফেরত চাই। মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রাম মাদ্রাসায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজের স্বজনরা এবং মাদ্রাসা শিক্ষকরা।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদ্রাসাছাত্র আব্দুল আহাদ রিমনকে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত তাঁকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।