মাদারীপুরের কালকিনিতে নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজন যুবককে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাঁসেরহাট এলাকার আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে মো. সাব্বির-(২৪) ও মো. সাইফুল ইসলাম-(২৫)কে আটক করে কারাদন্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্য অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাঁসেরহাট এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে ওইসব এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম। পরে ঘটনাস্থল থেকে মো. সাব্বির ও মো. সাইফুল ইসলামকে আটক করে কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজন বালু উত্তোলনকারীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।