মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীর (৪০) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার ষোলঘর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার হয়। নিহত রমজান একই এলাকার সিরাজ মুন্সীর ছেলে।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, গত সোমবার সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই প্রবাসী। পরদিন সিঙ্গাপুর ফিরে যাওয়ার কথা ছিলো তার।
নিখোঁজের পর এ ঘটনায় শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেছিলো পরিবার। বুধবার দুপুরে খালে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধারের পর সেটি প্রবাসী রমজানের বলে সনাক্ত করে পরিবার।
এদিকে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।