টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল সদর ও রংপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯টি বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক, ৬০টি নকল প্রবেশপত্র, ৭০টি স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্ট্যাম্প ও একটি সিপিইউসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- এস এম আয়াত (১৯), মো. জিহাদ (১৯), মো. আব্দুল্লাহ (১৯), মেহেদী হাসান (২৫), হিমান্ত চন্দ্র রায় আপন (১৯) ও তুহিন মিয়া (১৯)।
দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সাইফুল সানতু সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ২০ নভেম্বর টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এস এম আয়াত, মো. জিহাদ ও মো. আব্দুল্লাহর লিখিত পরীক্ষায় খাতায় প্রাপ্ত নম্বর এবং তার মৌখিক পরীক্ষায় জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরের মধ্যে অসঙ্গতি ও তারতম্য পরিলক্ষিত হওয়ায় নিয়োগ বোর্ড তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।’
তিনি আরও বলেন, ‘এক পর্যায়ের প্রার্থীগণ স্বীকার করে যে, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিজেরা অংশগ্রহণ না করে অসৎ পন্থা অবলম্বন করে অসাধুভাবে অন্য ব্যক্তিদের দিয়ে উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছিলেন। পরে পুলিশ বাদি হয়ে ২০ নভেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য দুই রিমান্ডে নেয়া হয় সদর থানায়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় চক্রবদ্ধভাবে জালিয়াতির সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে।’