অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরেও সেই সাফল্যের ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল।
শুক্রবার (৬ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ইকবাল ইমন এবং মারুফ মৃধার তোপে ৩৭ ওভারে ১১৬ রান করে প্রথম ইনিংসে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানি যুবাদের লক্ষ্য তাড়ায় টাইগারদের শুরুটা ছিল খুবই ধীরগতির। অবশ্য পাকিস্তানি বোলারদের বোলিং তোপও ছিল দেখার মতো। ফলে প্রথম ৪ ওভারে বাংলাদেশ মাত্র ৪ রান তোলে। ষষ্ঠ ওভারে দলীয় ২০ রানে আউট হয়ে যান ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন। ১৪ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ১৭ রানে বিদায় নেন দলীয় ২৪ রানে।