“অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের সরকার” বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছরই হয়তো একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেখব।”
শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বলে মন্তব্য করে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।”
এসময় “বাংলাদেশে এখন যে সম্পদ আছে, তার অধিকাংশই কাগজে আছে কিন্তু বাস্তবে নেই” বলে মন্তব্য করেন তিনি। বলেন, “ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে, কিন্তু ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবকাঠামো আছে, কিন্তু সম্পদ নেই। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা কিভাবে সমতাভিত্তিক সমাজের দিকে যাব, সেটি নিয়েই এই সরকার কাজ করছে।”
“এজন্য অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত” বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা।
“কারণ সেটা সাধারণ মানুষের কাছে যায়। পাবলিক হেলথের জন্য আরও বেশি বরাদ্দ দেওয়া দরকার। কিন্তু সম্পদ তো সীমিত”-বলেন এই অর্থনীতিবিদ।
সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।