বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এ্যাড. জামাল শরীফ হিরুর প্রথম জানাজা নামাজ শরীয়তপুরে তার নিজ এলাকার পন্ডিতসার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে জনতার ঢল নামে। তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন ঝিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব তালুকদারসহ জেলার নেতা-কর্মীরা। দলমত নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে জানাজায়।
জানাজা শেষে তার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
এর আগে তার লাশ পন্ডিতসার স্কুল মাঠে পৌছালে দলীয় নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা এ্যাড. জামাল শরীফ হিরু দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দীন কালুসহ নড়িয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।